শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট চান শিক্ষা ও টেলিকম মন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এক অনলাইন আলোচনা সভায় আজ সোমবার (৬ জুলাই) মন্ত্রী এ আহ্বান জানান। তার আহ্বানের সঙ্গে একাত্মতা পোষণ করে বইয়ের মতো শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দেয়ার দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আলোচক হিসেবে আরও যুক্ত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মাকসুদ কামাল এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত প্রমুখ।
‘বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয়' শীর্ষক এ অনুষ্ঠান আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল এই বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে লেখাপড়া চালিয়ে নিতে অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ইতোমধ্যে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষেই ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই শুধু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট দিতে অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বিষয়টি নিয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আশা করি মোবাইল অপারেটর কোম্পানিগুলো বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখবে।’
বৈঠকে শিক্ষা বিস্তারের স্বার্থে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সুবিধা সহজলভ্য করতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, ‘শিক্ষার বিস্তার এবং মেধাবী জাতি তৈরিতে ইন্টারনেটকে ব্যয় নয়, রাষ্ট্রের বড় বিনিয়োগ হিসেবে দেখতে হবে। ভবিষ্যৎ শিক্ষার ক্ষেত্র কেবল ক্লাসরুম কেন্দ্রিক হবে না। প্রচলিত চক-ডাস্টার পদ্ধতির সঙ্গে ক্লাসরুম ব্যবস্থা ডিজিটাল করতে হবে। শিক্ষা পাঠ্যক্রমে ডিজিটাল শিক্ষা পদ্ধতি প্রবর্তন এবং পেশাদারদের মাধ্যমে তৈরি মানসম্মত ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান এখন সময়ের চাহিদা।’
তিনি আরো বলেন, বাংলাদেশ ২০২১ সালে ফাইভজি যুগে প্রবেশ করবে। ৩ হাজার ৮০০ ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট দেয়া হয়েছে। ৭৭৭টি ইউনিয়নে ব্রডব্র্যান্ড সংযোগ পৌঁছানোর কাজ শুরু হয়েছে। দেশের হাওর, দুর্গম দ্বীপ ও চরাঞ্চলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পৌঁছানোর কাজ শুরু হয়েছে।
ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেশের ৫শত ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রিওয়াই ফাইজোন চালু করেছে বলে জানান মন্ত্রী।